কিভাবে গণভোট দিবেন? ধাপে ধাপে ভোট দেওয়ার নিয়ম ও ব্যালট নির্দেশনা

গণভোট ২০২৬-এ কীভাবে ভোট দেবেন? হ্যাঁ–না ব্যালট, সাদা ও গোলাপী ব্যালটের ব্যবহার, পোস্টাল ভোটের নিয়ম ও ধাপে ধাপে ভোট প্রদান প্রক্রিয়া জানুন।
Gonovote

বাংলাদেশে প্রথমবারের মতো জুলাই সনদ ২০২৫ অনুমোদনের জন্য জাতীয় গণভোট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই গণভোটের মাধ্যমে জনগণ “হ্যাঁ” অথবা “না” ভোট দিয়ে সরাসরি মতামত জানাবেন। ভোট প্রদান পদ্ধতি, ব্যালটের ধরন এবং পোস্টাল ভোটের নিয়ম জেনে নেওয়া প্রত্যেক ভোটারের জন্য জরুরি।

গণভোট কী?

  1. গণভোটও এক ধরনের ভোট বা নির্বাচন।
  2. অন্যান্য নির্বাচনে যেখানে প্রার্থী থাকে, সেখানে গণভোটে কোনো প্রার্থী থাকে না।
  3. গণভোটে ভোট দিতে হয় কিছু নির্দিষ্ট প্রস্তাবের পক্ষে অথবা বিপক্ষে — “হ্যাঁ” অথবা “না” ভোট প্রদানের মাধ্যমে।
  4. গণভোটে “হ্যাঁ” বিজয়ী হলে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ও কাঠামোগত পরিবর্তন ঘটে।

গণভোট ২০২৬ কেন হচ্ছে?

  1. ২০২৪ সালের ৫ই আগস্ট জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি রূপরেখা প্রণয়নের জন্য।
  2. গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় প্রণীত “জুলাই জাতীয় সনদ ২০২৫”-এর গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য।

জুলাই জাতীয় সনদ ২০২৫-এ কী আছে?

জুলাই জাতীয় সনদ ২০২৫-এ রাষ্ট্রের সংস্কার ও চরিত্র বদলের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে।

এই সুপারিশগুলো বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের দীর্ঘদিনের আলাপ–আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়েছে, যার লক্ষ্য হলো— একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

কেন গণভোট গুরুত্বপূর্ণ?

  1. দেশের মালিকদের একজন হিসাবে আপনার ইচ্ছেরও যে মূল্য আছে— তা নিশ্চিত করা।
  2. জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা।
  3. আপনার নির্বাচিত প্রতিনিধিরা যাতে আপনার ওপর ছড়ি ঘোরাতে না পারে— সেই ব্যবস্থা করা।
  4. সামগ্রিকভাবে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সুপারিশ

  1. ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, যাতে আর কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।
  2. ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা এবং একটি উচ্চকক্ষ গঠন করা।
  3. কোনো ব্যক্তি যেন তার সমগ্র জীবনে সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারে— সেই সাংবিধানিক ব্যবস্থা করা।
  4. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) যেন সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে গঠন করতে পারে— সেই বিধান নিশ্চিত করা।
  5. আইনসভার স্পিকার সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত করার বিধান চালু করা।
  6. গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি বিরোধী দল থেকে মনোনীত করার ব্যবস্থা করা।
  7. বিচার বিভাগকে স্বাধীন ও জনবান্ধব করা।
  8. হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা।
  9. উপজেলা পর্যায়ে আদালত ব্যবস্থা পুনরায় চালু করা।
  10. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি অন্যান্য ভাষাকেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।
  11. নাগরিকদের মৌলিক অধিকারের পরিধি বৃদ্ধি করা— যেমন সরকার চাইলেই যেন কখনও ইন্টারনেট বন্ধ করতে না পারে তা নিশ্চিত করা।
  12. রাষ্ট্রপতি চাইলেই যেন কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া ক্ষমা করতে না পারে— সেই বিধান নিশ্চিত করা।

গণভোট ২০২৬: পোস্টাল ব্যালট পেপার

“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে বর্ণিত নিম্নলিখিত সাংবিধানিক সংস্কারসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?”

(হ্যাঁ / না)

  1. (ক) নির্বাচনকালীন তত্ত্বাবায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
  2. (খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে। সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হইবে।
  3. (গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে ঐকমত্য হইয়াছে— সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
  4. (ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।
  5. হ্যাঁ (✓) — উপরের সব প্রস্তাবে সম্মতি প্রদান।
  6. না (✗) — প্রস্তাবসমূহে অসম্মতি প্রদান।
  7. ভোট প্রদানের জন্য উপরের যেকোনো একটিতে (✓) টিক অথবা (✗) ক্রস চিহ্ন দিন।
  8. “হ্যাঁ” ভোট দিলে উপরের সবকিছু কার্যকর হবে, “না” ভোট দিলে কিছুই কার্যকর হবে না।
  9. মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতে।

গণভোট ২০২৬: ভোট প্রদানের ধাপসমূহ

  1. ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হলে আপনাকে দুটি ব্যালট পেপার প্রদান করা হবে— একটি সাদা এবং অন্যটি গোলাপী
  2. সাদা ব্যালট ব্যবহার করা হবে এমপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্য। গোলাপী ব্যালট ব্যবহার করা হবে জাতীয় গণভোটে ভোট দেওয়ার জন্য।
  3. দুটি ব্যালটেই আলাদাভাবে সীল (Seal) মেরে একই ব্যালট বাক্সে ফেলতে হবে।
  4. এমপি প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর প্রতীক বা মার্কায় সীল দিতে হবে। গণভোটের ব্যালটে সীল দিতে হবে “হ্যাঁ” অথবা “না” অপশনের ওপর।
  5. গণভোটের ব্যালটে “হ্যাঁ” চিহ্নিত স্থানে (✔) অথবা “না” চিহ্নিত স্থানে (✖) চিহ্ন দেওয়া যাবে।
  6. যারা পোস্টাল ভোট দিতে চান, তারা Postal Vote BD অ্যাপটি Google Play Store অথবা Apple App Store থেকে ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।
  7. Postal Vote BD অ্যাপে নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ভোট প্রদানের বিস্তারিত নির্দেশনা পাঠানো হবে।
  8. পোস্টাল ব্যালট ও গণভোট সংক্রান্ত অধিকতর তথ্যের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

গণভোটের ব্যালট কীভাবে হবে?

গণভোটের জন্য ব্যবহৃত গোলাপী ব্যালটে স্পষ্টভাবে দুটি অপশন থাকবে—

  • হ্যাঁ (✔)
  • না (✖)

ভোটার নিজের মতামত অনুযায়ী যেকোনো একটি অপশনে সীল বা চিহ্ন প্রদান করবেন। একটির বেশি চিহ্ন দিলে ব্যালট বাতিল হতে পারে।

কারা গণভোটে অংশ নিতে পারবেন?

যারা—

  • বাংলাদেশের বৈধ নাগরিক
  • ভোটার তালিকাভুক্ত
  • জাতীয় পরিচয়পত্রধারী

তারা সবাই এই জাতীয় গণভোটে অংশ নিতে পারবেন।

গণভোটে অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ?

গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত জানায়। এটি শুধু একটি ভোট নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণের একটি সুযোগ।

আপনার একটি ভোটই নির্ধারণ করতে পারে—

  • সংবিধান সংস্কার হবে কি না
  • ক্ষমতার ভারসাম্য কেমন হবে
  • গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ভোটকেন্দ্রে ঢোকার আগে পরিচয়পত্র সঙ্গে রাখুন
  • ব্যালটে একটির বেশি চিহ্ন দেবেন না
  • ভোট গোপনীয়তা বজায় রাখুন
  • কোনো বিভ্রান্তিতে পড়লে প্রিসাইডিং অফিসারের সহায়তা নিন

উপসংহার

গণভোট ২০২৬ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণভোটে অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি নাগরিক রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে নিজের দায়িত্ব পালন করতে পারবেন।

সঠিকভাবে ভোট প্রদান করুন, সচেতন থাকুন, এবং গণতন্ত্রকে শক্তিশালী করুন।

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.