আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এই বিধিনিষেধ বহাল থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিকাশ, রকেট ও নগদে Send Money সীমিত
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে বিকাশ, রকেট ও নগদ-এর মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেনে নির্দিষ্ট সীমার মধ্যে টাকা পাঠাতে পারবেন।
- প্রতি লেনদেনে সর্বোচ্চ: ১,০০০ টাকা
- দৈনিক সর্বোচ্চ লেনদেন: ১০ বার
- দৈনিক মোট লেনদেন: ১০,০০০ টাকা
তবে, মার্চেন্ট পেমেন্ট এবং পরিষেবা বিল পরিশোধ এর ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন চালু থাকবে।
উল্লিখিত সময়ের মধ্যে পি-টু-পি লেনদেন ছাড়া এমএফএস প্রতিষ্ঠানের অন্যান্য সেবাগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।
ইন্টারনেট ব্যাংকিং ও ব্যাংক অ্যাপে টাকা পাঠানো বন্ধ
নির্বাচনকালীন এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং এবং ব্যাংকের বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
বিশেষ করে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) এর আওতাধীন আইবিএফটি (IBFT) মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন এই সময়ের জন্য স্থগিত থাকবে।
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও আইবিএফটির মাধ্যমে পি-টু-পি লেনদেনের অপব্যবহার রোধের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আজ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে।
অপরাধ প্রতিরোধে কড়া নজরদারি
নির্বাচনকালীন সময়ে এমএফএসের মাধ্যমে কোনো ধরনের আর্থিক অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অভিযোগ গ্রহণ, যাচাই ও দ্রুত নিষ্পত্তি করা যায়।
এ ছাড়া, এ সময়ের মধ্যে সকল প্রকার লেনদেন এমএফএস প্রোভাইডারদের মাধ্যমে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।
কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন চিহ্নিত হলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা
বাংলাদেশ ব্যাংক এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করতে বলেছে।
কবে স্বাভাবিক লেনদেন শুরু হবে?
নির্ধারিত সময়সীমা শেষে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের পর এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় স্বাভাবিক লেনদেন পুনরায় আগের মতো চালু হবে।
নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এই সাময়িক বিধিনিষেধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।